সরকারের দুই প্রভাবশালি মন্ত্রীর অভিযোগ : বিদেশীদের কাছে মির্জা ফখরুল দেশকে খাটো করেছেন , রাজনীতিবিদদের ছোট করেছেন

একুশে বার্তা ডেক্স : সরকারের  দুই প্রভাবশালি মন্ত্রী   বিএনপি মহাসচিব ফখরুলকে দোষারোপ করেছেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে  বলেছেন, বিদেশে গিয়ে নালিশ করে বিএনপি দেশকে খাটো করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন করার যে বিষয়টি বিএনপি তুলছে, সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও অবান্তর। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, মির্জা ফখরুল বিদেশে গিয়ে দেশের  রাজনীতিবিদদের ছোট করেছেন।

আজ ১৬ সেপ্টেম্বর  রোব বার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির ৪১তম জাতীয় কাউন্সিল অধিবেশন ও ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি দেশের উন্নয়ন আর অর্জনের পেছনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন।

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন চায় বিএনপি, যা বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করার শামিল। গণতান্ত্রিক নিয়ম মেনে যথাসময়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে গিয়ে নালিশ, দেশের জনগণের কাছে নালিশ করুন সাহস থাকে তো। বিদেশে গিয়ে নালিশ করে দেশকে কেন খাটো করছেন। সময় এবং পরিস্থিতি যদি বলে দেয় যে, দেশে সেনাবাহিনী মোতায়েন করা দরকার, সেই অবস্থায় নির্বাচন কমিশন অনুরোধ করলে সরকার প্রয়োজনে এবং বাস্তব পরিস্থিতির আলোকে, কীভাবে মোতায়েন হবে বাস্তব পরিস্থিতি সাপেক্ষে সেটা করা হবে।

আগামী নির্বাচনে নতুন নতুন জোট অংশগ্রহণ করলে তাদের স্বাগত জানানো হবে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, সংসদ ভেঙে এখনই নির্দলীয় সরকার গঠনের যে দাবি তুলছে বিএনপি, তা সম্পূর্ণ অবান্তর ও অপ্রাসঙ্গিক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কার সঙ্গে যাবে, কীভাবে যাবে- সেটা তো আমরা জানি না। আমরা পত্র-পত্রিকা মিডিয়ায় দেখতে পাচ্ছি, যুক্তফ্রন্টের নেতারা বিএনপির প্রধান পার্টনার। নতুন নতুন জোট হলে স্বাগত। শত ফুল ফুটুক, গণতন্ত্র তো। অসুবিধা নেই, নতুন নতুন জোট আসুক। নির্বাচন করুক। জনগণ যাকে চায়, সেই জিতবে। আমরা ক্ষমতাসীন দল বলে আমরা জোর করে জিতব না।

রাস্তা বন্ধ করে যাতে সভা-সমাবেশ করতে না হয়, সেজন্য সব দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিতে ডিএমপি কমিশনারকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।