স্টাফ রিপোর্টার : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার দুর্নীতি কী তা জনগণের জানার অধিকার আছে বলে দাবি তুলেছেন সুশীল সমাজ।
সুশীল প্রতিনিধিরা বলেছেন, একজন প্রধান বিচারপতিকে ‘তুই’ বলে সম্বোধন করাটা সরাসরি সংবিধান পরিপন্থী। অথচ এ দেশে সেটি হয়েছে। একজন বিচারপতি তিনিও একজন মানুষ। সুতরাং দুর্নীতি করতেই পারেন। কিন্তু তার দুর্নীতি কী তা জনগণের জানার অধিকার আছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে ‘আইনের শাসন : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন-এর নির্বাহী সদস্য বিচারপতি আব্দুল মতিন। গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, বিচারপতি কাজী এবাদুল হক, ব্যারিস্টার আমির- উল ইসলাম, ড. তোফায়েল আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, ড. আসিফ নজরুল, ড. বদিউল আলম মজুমদার, স্থপতি মোবাশ্বার হাসান, গোলাম মর্তুজা, এএসএম আকরাম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সৈয়দা রিজওয়ানা হাসান ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে বিচারপতি আব্দুল মতিন বলেন, আইনের শাসন বা রুল অব ল’ প্রতিষ্ঠা সংবিধানের প্রস্তাবনায় জাতির জন্য অন্যতম অঙ্গীকার। যেমন, অঙ্গীকার গণতন্ত্র প্রতিষ্ঠার। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে সংবিধানই হচ্ছে সর্বোচ্চ আইন। তারই প্রস্তাবনায় আমাদের অঙ্গীকার এই যে, রাষ্ট্রের মূল লক্ষ্য হবে সব নাগরিকের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা।
ড. কামাল হোসেন বলেন, মানুষ জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছে। আমরা সংবিধানে সেটা স্বীকার করেছি। ৪৭ বছর পরেও সংবিধান বহাল আছে। এ দেশের মালিক জনগণ-এটা কেউ অস্বীকার করতে পারবে না। সংবিধানের ষোড়শ সংশোধনী সাতজন বিচারপতি বাতিল করেছেন। আমরা সবাই বলেছি যে, এটা অসাংবিধানিক। তাই আমার মনে হয় না যে, রিভিউর মাধ্যমে এটা বাতিল করা যাবে। এ সংশোধনী বাতিলের ক্ষেত্রে বিচারকদের ভূমিকা অস্বীকার করা যাবে না। স্বাধীন দেশের বিচারককে প্রকাশ্যে তুই তুকারি করা দেশের প্রতিটি মানুষকে অপমান করার শামিল।
ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম বলেন, আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে জনগণের সামনে আমরা কি উত্থাপন করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো রাজনৈতিক দল ও গণমাধ্যম দ্বারা অনুমোদিত কি-না তাও গুরুত্বপূর্ণ। সংবিধান অনুধাবন করার মতো উপযুক্ত নাগরিক আমরা তৈরি করতে পারছি কি-না তাও খুবই গুরুত্বপূর্ণ।
বিচারপতি আব্দুল মতিন বলেন, আজ জাতির জিজ্ঞাসা, আমরা কী আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পালন করতে সক্ষম হয়েছি? নির্বাচনকেন্দ্রিক গণতন্ত্র বা অনুমতির গণতন্ত্র, অসীম ক্ষমতাধর নির্বাহী বিভাগ, ৭০ অনুচ্ছেদের কারণে অকার্যকর আইনসভা এবং আপিল বিভাগের একটি রায়কে কেন্দ্র করে নির্বাহী বিভাগের তাণ্ডবে প্রকম্পিত বিচার বিভাগ কি প্রমাণ করে না যে, আমরা সে অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছি?
