সংবাদদাতা : দেড় বছরের শিশুকে মায়ের কাছ থেকে নিয়ে মাসির (খালা) হেফাজতে দেওয়ায় টাঙ্গাইলের ‘ক’ অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৯ এপ্রিল ওই ম্যাজিস্ট্রেটকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এছাড়া দেড় বছরের শিশু অংশুমান, তার মাসি শোভা রানী গুহ ও মেসো বিপ্লব গুহকে ওইদিন আদালতে হাজির করতে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। শিশু সন্তানকে নিজ হেফাজতে রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শিশুর মা জেবা রানী দে। আবেদনের পক্ষে অ্যাডভোকেট শম রেজাউল করিম শুনানি করেন।
আবেদনে বলা হয়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের বিপুল দে ও জেবা রানী দম্পত্তির ২০১৬ সালের ১৪ অক্টোবর একটি পুত্র সন্তান হয়। শিশুটির বয়স যখন এক বছর তখন তার মাসি ও মেসো তাদের বাড়িতে আসে। তারা নিঃসন্তান হওয়ায় দুই তিন দিনের জন্য শিশু অংশুমানকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে ফেরত না দিয়ে বাড়িতে আটকে রাখে। এ অবস্থায় সন্তান ফেরত পেতে গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল ক-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন শিশুটির মা জেবা রানী দে। গত ২১ মার্চ শিশুটিকে মায়ের হেফাজত থেকে নিয়ে মাসির হেফাজতে দেওয়ার নির্দেশ দেয় ওই ম্যাজিস্ট্রেট। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
