একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া ও ময়ূরসহ মোট ২০২ জোড়া বিপণ্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং ঢাকা কাস্টম হাউস। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত পাখি ও বন্যপ্রাণীর আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, রবিবার দক্ষিণ গোড়ানের ইনফো বিজ ইন, ভাটারার বিডি ইনোভেটিভ, উত্তরা এলাকার সজীব এন্টারপ্রাইজ নামক তিনটি প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকা থেকে এই পাখি ও বন্যপ্রাণীগুলো আমদানি করে। তবে আন্তর্জাতিক কনভেনশন (সিআইটিইএস), ডেট্রিমেন্টাল রিপোর্ট ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী জীবন্ত পশু-পাখি আমদানিতে বন অধিদপ্তরের অনাপত্তিপত্র লাগে। তাদের কাছে কোনো ধরনের অনাপত্তিপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়।
জব্দকৃত প্রাণীর মধ্যে ১৭০ জোড়া লাভবার্ড, ৩ জোড়া বেবি প্যারট, ৩ জোড়া কোকাটেল (কাকাতুয়া), ১০ জোড়া কনুর, ৩ জোড়া ময়ূর, ১ জোড়া এরা অ্যারোনা, ৫ জোড়া গ্রিন উইং প্যারাকিট, ২ জোড়া অ্যারাউনা, ২ জোড়া বাজিগার পাখি, ১ জোড়া লামুর র্যাবিট ও ২ জোড়া মারমুস খরগোশ উদ্ধার করা হয়।
এগুলো বন কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে।
এ ঘটনায় তিন আমদানিকারকের বিরুদ্ধে শুল্ক আইনসহ অন্যান্য আইন লঙ্ঘনের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
